‘শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত’: পররাষ্ট্র উপদেষ্টা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকার এখনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন।

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি, যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি।”

তিনি জানান, এ ধরনের ঘটনায় দ্রুত অগ্রগতি হয় না। “আমরা অপেক্ষা করব। দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কী রিঅ্যাকশন পাওয়া যায়। তবে একটা রিঅ্যাকশন দেখেছি যে তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক।”

তারেক ও খালেদা জিয়ার বিষয়ে মন্তব্য

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

তিনি আরও নিশ্চিত করেন, “এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় একদিন দেরি হতে পারে।”

আরাকান আর্মি নিয়ে সরকারের অবস্থান

আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আরাকান আর্মির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। কারণ তারা কোনো স্টেট নয়, যেমন আমরা মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে করতে পারি স্টেট হিসেবে।”

তবে তিনি জানান, এ ধরনের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেক বিষয় কূটনৈতিক কারণে স্পষ্ট করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *