অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল আলম জানিয়েছেন, এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং নির্বাচন কমিশন তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে।
প্রেস সচিব আরও জানান, “জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া এ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন।”
এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ ও আসিফ তাঁদের পদত্যাগপত্র জমা দেন।
- মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।
- আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে।
জানা যায়, এর আগে সরকারের শীর্ষ পর্যায় থেকে এই দুই ছাত্র উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা আরও সময় চান। যদিও উপদেষ্টা মাহফুজ আলম একসময় সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং জানিয়েছিলেন যে তিনি নির্বাচনে অংশ নেবেন না। তবে তফশিল ঘোষণার আগে পদত্যাগ করার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের মনোভাবের কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিলেন।



