সচিবালয়ে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বের হয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন।
সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের অংশ হিসেবেই বুধবার দুপুর ২টার পর থেকে বিক্ষোভকারীরা অর্থ উপদেষ্টাকে তাঁর দপ্তরে অবরুদ্ধ করে রাখেন।
অবরুদ্ধ থাকাকালীন বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও তুলেছিল।
আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারির বার্তা পাঠানো হলেও তাঁরা তা মানেননি। আজই প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় থেকে অবস্থান ধরে রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়।
তীব্র উত্তেজনার মধ্যে রাত ৮টা ১২ মিনিটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে সচিবালয় থেকে বের করে আনা হয়।



