বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেছেন, যারা ‘জান্নাতের টিকিট বিক্রি করছে’, তারা দেশের জনগণের কল্যাণ বা দেশ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেয়নি। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে দেশের ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে অল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি, স্বাস্থ্যসেবা খাতে দলটির জোরালো ভূমিকা নেওয়ার পরিকল্পনা আছে বলেও তিনি উল্লেখ করেন।
সাবেক এই এমপি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজের ভোট নিজে দেওয়ার স্বপ্ন পূরণের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
শহর মহিলা দলের আহ্বায়ক ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুঁইয়া, নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, নরসিংদী শহর যুবদল আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, সদস্য সচিব শামিম সরকারসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতারা। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।



