খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর অবস্থার বড় উন্নতি না হলেও অবনতিও হয়নি; তবে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনও তাঁর তৈরি হয়নি।

মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক গত রোববার সন্ধ্যায় সমকালকে জানিয়েছেন, “ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। বলা যায়, সবশেষ মেডিকেল বোর্ড বিবৃতির মাধ্যমে যে আপডেট জানিয়েছিল, এখনও তেমনই আছে। বড় উন্নতি নেই। আবার অবনতিও নেই”। তিনি আরও জানান, পরবর্তী কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে, সেগুলোর ফল এলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বোর্ডের আরেকজন সদস্যের তথ্যমতে, খালেদা জিয়ার কিছু ছোট ক্ষেত্রে উন্নতি হচ্ছে, তবে তা আহামরি নয়। তিনি নিশ্চিত করেন যে “তাঁর অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়। এটা সময় লাগবে। শারীরিক সক্ষমতা ভ্রমণ করার মতো হলে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দেশে রেখেই তাঁর চিকিৎসা চলবে”।

৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দীর্ঘদিন যাবৎ আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। বর্তমানে তাঁর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল করার ওপরই জোর দিচ্ছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *