হাদির খুনি ফয়সালের বিদেশে পালানোর তথ্যে পুলিশের সংশয়

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি। ফয়সালের ভারতে পালিয়ে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও পুলিশ জানিয়েছে, তার দেশের বাইরে চলে যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী নেতা ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। অনেক সময় অপরাধীরা ধরাছোঁয়া থেকে বাঁচতে নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে থাকে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, ডিবি ও বিজিবিসহ সব কটি ইউনিট সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি জানান, বিষয়টি এখনো তদন্তাধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বুলেটের ভিত্তিতে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং একাধিক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। জনগণের ক্ষোভ ও দাবির বিষয়টি পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছে বলেও তিনি উল্লেখ করেন।

একই সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, তাদের প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মনে হচ্ছে, হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হয়ে থাকতে পারে। এতে ব্যক্তিগত কোনো বিরোধের প্রমাণ এখনো পাওয়া যায়নি। ঘটনার শুরু থেকেই সব এজেন্সি সমন্বিতভাবে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে।

এদিকে, পুলিশের এই সংবাদ সম্মেলনের পরপরই অসন্তোষ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, তাদের ঘোষিত ২ দফা দাবির একটিও এখন পর্যন্ত পূরণ হয়নি। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার অনুপস্থিতিতে অতিরিক্ত আইজিপিকে দিয়ে ব্রিফিং করানোকে ‘ঘটনাকে তুচ্ছ দেখানোর প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো থেকে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার এবং অন্যান্য দাবি নিয়ে সোমবার দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে তারা জরুরি সংবাদ সম্মেলন ও নতুন কর্মসূচি ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *