শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে মুখ খুলেছে ভারত। নয়াদিল্লি এই হত্যাকাণ্ডের একটি পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বার্তাসংস্থা পিটিআই-এর বরাত দিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতেই নয়াদিল্লি বাংলাদেশকে এই ঘটনার বিস্তারিত তদন্ত করার অনুরোধ জানিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, হাদি দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার পর ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল এবং তার মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে একই দিনে (মঙ্গলবার) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতীয় দূতকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সে সময় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্য নিয়ে সরকারের উদ্বেগের কথা জানানো হয়। পাশাপাশি শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে দেশটির সহযোগিতা কামনা করা হয়েছিল। উল্লেখ্য যে, গত ১৭ ডিসেম্বরের পর এক সপ্তাহের ব্যবধানে আবারও গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করল ভারত।

এই হত্যাকাণ্ড ও পরবর্তী কূটনৈতিক টানাপোড়েন দুই দেশের বর্তমান সম্পর্কের ওপর বিশেষ প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *