সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছে মঞ্চে আরোহণ করেন এবং ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই তিনি ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধন করে উপস্থিত জনতাকে এবং দেশবাসীকে সালাম জানান। তিনি বলেন, “প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।”

বক্তব্যে তারেক রহমান দেশের মানুষের মৌলিক ও ন্যায্য অধিকারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ তাদের কথা বলার অধিকার ফিরে পেতে চায়। নাগরিকরা চায় তারা যেন তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার ভোগ করতে পারে। এই লক্ষ্য অর্জনে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।”

স্মরণ করেন বীর শহীদদের ত্যাগকেও। তিনি উল্লেখ করেন যে, এই প্রিয় মাতৃভূমি অর্জিত হয়েছিল লাখো শহীদের রক্তের বিনিময়ে। বিএনপি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ জানিয়ে তারেক রহমান বলেন, “সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন।”

তিনি একটি নিরাপদ বাংলাদেশের চিত্র তুলে ধরে বলেন, এমন এক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা হবে যেখানে একজন নারী, পুরুষ কিংবা শিশু—পরিচয় যাই হোক না কেন, ঘর থেকে বের হলে যেন পুনরায় নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এবং সাম্য নিশ্চিত করাই হবে আগামীর মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *