অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলেও জানানো হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব তার সঙ্গে আমাদের পথচলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।’ তিনি আরও জানান, আসিফ মাহমুদ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, আসিফ মাহমুদ এবার সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। বরং এনসিপির যেসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিজয় নিশ্চিত করতে এবং সংসদে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর জোরালো করতে তিনি কাজ করবেন।
প্রসঙ্গত, নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আসিফ মাহমুদ এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সঙ্গে কুমিল্লা-৩ আসন থেকেও তার সমর্থকেরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই দুই আসনের কোনো একটিতেই তিনি মনোনয়নপত্র জমা দেননি বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনসিপিতে তার যোগদান এবং নির্বাচনে না থাকার সিদ্ধান্ত দলটির রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক প্রস্তুতির ক্ষেত্রে কী প্রভাব ফেলবে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এখন দলের প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি এবং প্রচার কার্যক্রমের দিকেই সবার নজর।



