দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

বেগম খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় দিনাজপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ইতিপূর্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, এ বিষয়ে দলীয় হাইকমান্ড থেকে এখন পর্যন্ত জেলা বিএনপিকে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তাদের বিশ্বাস, এই আসন থেকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

উল্লেখ্য, রাজনৈতিক ক্যারিয়ারে এবারই প্রথম দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ এবং ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।

এই আসনে একই দলের একাধিক নেতার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ও দলীয় সিদ্ধান্তের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *