আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি এই ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার এই বক্তব্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ফজরের নামাজের ঠিক পরেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। জীবনের শেষ মুহূর্তে হাসপাতালে তার পাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।

চলতি বছরের ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগেও গত ১৫ অক্টোবর তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তখন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছিলেন, খালেদা জিয়া বুকে সংক্রমণ এবং হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত ছিলেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক এই প্রধানমন্ত্রীর দণ্ড মওকুফ করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি গত জানুয়ারিতে লন্ডন যান এবং চার মাস চিকিৎসা শেষে মে মাসে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন। দেশের এক সংকটময় সময়ে তার এই বিদায় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *