বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি বৈঠক ডেকেছে দলের স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই সভায় মরহুমা খালেদা জিয়ার জানাজার চূড়ান্ত সময় নির্ধারণ এবং দাফনসহ পরবর্তী সাংগঠনিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে অংশ নিতে সকাল থেকেই বিএনপির শীর্ষ নেতারা গুলশান কার্যালয়ে আসতে শুরু করেছেন। সকাল সাড়ে ১০টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন।
এদিকে, দলের অভিভাবকের মৃত্যুতে দেশব্যাপী সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানোর পর এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচি অনুযায়ী, আজ থেকে আগামী এক সপ্তাহ দলটির কেন্দ্র থেকে শুরু করে সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এই সময়ে দলের সর্বস্তরের নেতাকর্মীরা শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করবেন।
শোক পালনের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশে সব দলীয় কার্যালয়ে শোক বই খোলা রাখা হবে। সেখানে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা লিখতে পারবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এগুলো তাদের প্রাথমিক কর্মসূচি। স্থায়ী কমিটির বৈঠক শেষে পরবর্তীতে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বর্তমানে দলের নেতাকর্মী ও দেশবাসী তাদের নেত্রীর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার খবরের অপেক্ষায় রয়েছেন।



