সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক শোকবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
শোকবার্তায় নির্বাচন কমিশন উল্লেখ করে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
ইসি জানায়, রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্রের চর্চা, সাংবিধানিক শাসনব্যবস্থা বজায় রাখা এবং সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবেও সক্রিয় ছিলেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার আপসহীন ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
নির্বাচন কমিশন আরও মন্তব্য করেছে যে, বাংলাদেশে নির্বাচনি প্রক্রিয়াকে সুসংহত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দেশের রাজনীতিতে তার এই চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।
পরিশেষে, নির্বাচন কমিশন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।



