রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সাবেক এই প্রধানমন্ত্রীকে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে দাফন করা হবে। সেখানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। সরকারের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানাজার বিষয়ে সচিব জানান, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর সংসদ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার সকালে হাসপাতাল থেকে তার মরদেহ সংসদ ভবন চত্বরে নিয়ে আসা হবে।

আজ রাতে বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই রাখা হবে। দেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও জানাজার আয়োজন ঘিরে প্রয়োজনীয় সমন্বয় করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। সরকারের এই ঘোষণার পর এখন জানাজা ও দাফন প্রক্রিয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *