বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই প্রিয় নেত্রীর বিদায় সংবাদ শুনে নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। পুরো এলাকা জুড়েই এখন বিরাজ করছে গভীর শোকের ছায়া।
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকাল ১০টা থেকে দলীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে পবিত্র কুরআনখানি শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানিয়েছেন, বুধবার জানাজার আগ পর্যন্ত এই কুরআনখানি কর্মসূচি অব্যাহত থাকবে। শোকের চিহ্ন হিসেবে কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এদিকে, খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ এসে স্বাক্ষর করছেন।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও শোকবার্তা নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে অনেককে আবেগাপ্লুত অবস্থায় দেখা গেছে; কেউ কেউ অঝোরে কাঁদছেন, আবার কেউ নীরবে দাঁড়িয়ে শোক প্রকাশ করছেন। সারাদিনই সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতারা কার্যালয়ে অবস্থান করছেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, দেশ একজন আপসহীন ও দেশপ্রেমিক নেত্রীকে হারিয়েছে। তিনি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন দলটির এই জ্যেষ্ঠ নেতা।



