বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনএনসিপি) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক। বুধবার দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদান প্রক্রিয়ার শুরুতে মীর আরশাদুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ২৫ ডিসেম্বর মীর আরশাদুল হক এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন। মূলত জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সমঝোতা নিয়ে আলোচনা চলাকালীন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে নিজের পদ ছাড়ার ঘোষণা দেন।
মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর রাজনীতিতে একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবেও তার নাম চূড়ান্ত ছিল। এখন বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।



