গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু মাহমুদ চৌধুরী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের যে মশাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছিল, তা দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সাথে বহন করেছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে এক ‘আপসহীন নেতা’ হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন, যারা অতীতে বিভিন্ন সময়ে আপস করেছে, তারা হয় দেশ ছেড়ে পালিয়েছে অথবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি। দীর্ঘ সময় ধরে তিনি স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে গেছেন।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন পর্যালোচনা করে তিনি বলেন, বেগম জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনের খুব সামান্য সময়ই ক্ষমতায় ছিলেন। তার জীবনের সিংহভাগ সময়ই কেটেছে আন্দোলন, সংগ্রাম এবং ত্যাগের মধ্য দিয়ে। স্বৈরাচারের সাথে আপস না করে তিনি সারাজীবন দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে নিবেদিত ছিলেন।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। একই সাথে তিনি জাতির মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *