সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানার্থে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ।

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন।

জানা গেছে, বর্তমানে হ্যামট্রমিক সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাদের সক্রিয় প্রচেষ্টায় সম্প্রতি সিটি কাউন্সিল এই নামকরণের প্রস্তাবটি অনুমোদন দেয়। সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি এখন থেকে বেগম খালেদা জিয়ার নাম ধারণ করবে।

যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে সড়কের নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানেও বেগম খালেদা জিয়ার নাম যুক্ত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

প্রবাসীদের মতে, এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগের ফলে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ও দেশনেত্রীর অবদান সম্পর্কে আরও সচেতন হওয়ার সুযোগ পাবে। এই অর্জনে বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা তাদের আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

Leave a Reply