বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে ৩ বিমানবন্দর নির্দিষ্ট, চালু হচ্ছে ‘ভিসা বন্ড’

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কঠোর নিয়ম জারি করেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা আর্থিক জামানত দিতে হবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

এই নতুন নিয়মের আওতায় ভিসা বন্ড জমা দিয়ে যারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন, তাদের দেশটিতে প্রবেশ এবং প্রস্থানের জন্য তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিমানবন্দর তিনটি হলো—বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS), জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK) এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)। অর্থাৎ, বর্তমানে বাংলাদেশিদের জন্য এই তিনটি বিমানবন্দরই বরাদ্দ করা হয়েছে এবং এর বাইরে অন্য কোনো বিমানবন্দর দিয়ে তারা যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে পারবেন না।

মার্কিন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, যদি কেউ এই নির্দিষ্ট তিনটি বিমানবন্দরের বাইরে অন্য কোনো বিমানবন্দর দিয়ে প্রবেশ বা বের হন, তবে তা বন্ডের নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এতে করে জমাকৃত বন্ডের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতা তৈরি হতে পারে। মূলত ভিসার শর্ত এবং থাকার নির্দিষ্ট সময়সীমা বা মেয়াদ মেনে চলা নিশ্চিত করতেই এই ‘ভিসা বন্ড’ প্রথা কার্যকর করা হচ্ছে।

উল্লেখ্য, ভিসা বন্ড হলো একধরনের আর্থিক গ্যারান্টি, যা সাধারণত নন-ইমিগ্র্যান্ট (অস্থায়ী) ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। প্রতিবছর যুক্তরাষ্ট্র প্রচুর শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী ভিসা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় থেকে যাওয়ার বা ‘ভিসা ওভারস্টে’ করার প্রবণতা দেখা যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভ্রমণকারীরা যেন সময়মতো নিজ দেশে ফিরে যান, তা নিশ্চিত করতেই ট্রাম্প প্রশাসন এই বিতর্কিত ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকা প্রসারিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *