বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনোই নিজের স্বার্থের জন্য কোনো ধরনের সমঝোতা করেননি। তিনি সব সময় ত্যাগের রাজনীতি করেছেন এবং সেই ত্যাগের বিনিময়েই আজ দল ও নেতৃত্ব সুসংহত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া আজীবন আধিপত্যবাদকে রুখে দিয়েছেন এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত বা সমঝোতাকে কখনো মেনে নেননি। তাঁর এই আপসহীন অবস্থানের কারণেই আজ বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে এতো জনপ্রিয়। তিনি উল্লেখ করেন, আজ তারেক রহমানকে এক নজর দেখার জন্য দেশের লাখ লাখ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকেন, যা খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন।
বক্তব্যে তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার সাহস থেকে আমরা সাহস পেয়েছি। তিনিই আমাদের বছরের পর বছর সাহস জুগিয়েছেন।”
বিগত সরকারের সমালোচনা করে আমির খসরু বলেন, যারা দেশ বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং যারা দুর্নীতি করে দেশের সম্পদ নষ্ট করেছে, তারা কেউ এখন দেশে নেই। জনগণের তোপের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



