বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান বাংলাদেশে স্বস্তির অপর নাম হলো তারেক রহমান। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান হিসেবে দেশের মানুষ তাকে পিতা-মাতার মতোই শ্রদ্ধা ও ভালোবাসায় গ্রহণ করে নিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের হালসা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারেক রহমান দেশে আসার পর গত ১০ দিনেই দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি পাল্টে গেছে। তিনি দেশের সাধারণ মানুষকে ভালোবেসে আপন করে নিয়েছেন এবং সব শ্রেণি-পেশার মানুষ এখন দলমতের ঊর্ধ্বে উঠে তার কাছে ছুটে যাচ্ছে। দুলুর মতে, তারেক রহমানকে কাছে পেয়ে দেশের মানুষ তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোক কাটিয়ে ওঠার শক্তি খুঁজে পাচ্ছে।

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার সাহসী ও আপসহীন ভূমিকা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি ছিলেন সাধারণ মানুষের এক পরম অভিভাবক, যার ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা ও থানা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *