ভারত ও চীনের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ও ইউরেনিয়াম সংগ্রহের অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। তবে ‘গ্রাহাম-ব্লুমেন্টাল নিষেধাজ্ঞা বিল’ নামক নতুন এই প্রস্তাবটি পাস হলে, মার্কিন প্রেসিডেন্টকে সেইসব দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা দেওয়া হবে, যারা রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ তহবিলে সহায়তা করছে। মূলত রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়াই এই বিলের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, বুধবার তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই বৈঠকেই ট্রাম্প এই কঠোর ব্যবস্থার প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন।

বিবৃতিতে গ্রাহাম আরও বলেন, “এটি সঠিক সময়ে পাস হতে যাচ্ছে। কারণ ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, অন্যদিকে পুতিন কেবল কথা বলছেন আর রুশ সেনারা নিরপরাধ মানুষ হত্যা চালিয়ে যাচ্ছে।” তার মতে, এই বিলটি রাশিয়ার ওপর আর্থিক চাপ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, বিলটি প্রথমে কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ উত্থাপন করা হবে। সেখানে পাস হওয়ার পর এটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। উভয় কক্ষের সবুজ সংকেত পাওয়ার পর বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে এবং তাঁর স্বাক্ষরের মাধ্যমেই এটি আইনে পরিণত হবে। আগামী সপ্তাহ থেকেই এই বিলের ওপর মার্কিন আইনপ্রণেতাদের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *