‘আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই’: ডোনাল্ড ট্রাম্প

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার কর্মকাণ্ড পরিচালনায় আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন তিনি বোধ করেন না।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে বিশ্বমঞ্চে তার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা আছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, “হ্যাঁ, একটি বিষয় আছে। তা হলো আমার নিজস্ব নৈতিকতা এবং আমার নিজস্ব চিন্তাধারা। এটিই একমাত্র জিনিস যা আমাকে থামাতে পারে।” আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, “আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি কাউকে আঘাত করতে চাই না।”

তবে আন্তর্জাতিক আইন পুরোপুরি উপেক্ষা করছেন কি না, এমন সম্পূরক প্রশ্নে তিনি কিছুটা কৌশলী অবস্থান নিয়ে বলেন, “এটি নির্ভর করে আপনি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কীভাবে দিচ্ছেন তার ওপর।” তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন প্রশাসন প্রয়োজনে নিজেই এসব আইনের ব্যাখ্যা নির্ধারণ করবে।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গত শনিবার (৩ জানুয়ারি) ভোরে মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ পরিচালনা করে। এই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের সম্মুখীন।

সাক্ষাৎকারে ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণের মেয়াদ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, এটি তিন মাস বা এক বছরের বিষয় নয়, বরং তার চেয়েও অনেক বেশি সময় মার্কিন তদারকি বজায় থাকতে পারে। তিনি বলেন, “আমি বলব, এটি দীর্ঘস্থায়ী হবে। সময় গেলেই সব বোঝা যাবে।” ট্রাম্প আরও দাবি করেন যে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভেনেজুয়েলার তেল সম্পদ পুনর্গঠন এবং দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে।

এদিকে, ট্রাম্পের এই অবস্থান ও ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রধানকে আটক এবং অন্য দেশে হামলা চালানো জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদে বলা আছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবে না। সমালোচকদের দাবি, ট্রাম্পের ‘Might is Right’ বা ‘জোর যার মুল্লুক তার’ নীতি বিশ্বব্যবস্থাকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *