ভোটকেন্দ্রে গণভোটের ব্যানার প্রদর্শনে ইসির নতুন নির্দেশনা জারি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নতুন একগুচ্ছ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে ভোটকেন্দ্রে ব্যানার প্রদর্শন এবং ফলাফল পাঠানোর প্রক্রিয়া নিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়।

ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশনের পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে। এই ব্যানারে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সংক্রান্ত লিখিত প্রস্তাবসমূহ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

ব্যানারের নমুনা ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে তৈরি করা হয়েছে, যা জনসংযোগ অধিশাখা সরবরাহ করবে। নমুনা অনুযায়ী পরিবেশবান্ধব উপায়ে ব্যানারগুলো স্থানীয়ভাবে মুদ্রণ করবেন সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসাররা। পরবর্তীতে সেগুলো ভোটকেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারদের নিকট হস্তান্তর করা হবে। প্রিজাইডিং অফিসাররা প্রতিটি কেন্দ্রের সহজলভ্য ও দৃশ্যমান স্থানে কমপক্ষে একটি করে ব্যানার প্রদর্শনের ব্যবস্থা করবেন। ব্যানার মুদ্রণের প্রয়োজনীয় খরচ ইসি থেকে বরাদ্দ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পরিপত্রে ভোটগণনার বিবরণী পাঠানোর ক্ষেত্রেও বিশেষ নিয়ম অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, প্রিজাইডিং অফিসাররা ভোটকেন্দ্র থেকে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে জাতীয় সংসদ ও গণভোটের ফলাফলের এক কপি পাঠাবেন। এই কাজের জন্য প্রতিটি কেন্দ্রে দুটি করে বিশেষ খাম সরবরাহ করা হবে, যা ইতিমধ্যে রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, বিশেষ খামে ভরা ফলাফল বিবরণীগুলো যাতে দ্রুত এবং নির্বিঘ্নে কমিশন সচিবালয়ে পৌঁছাতে পারে, সেজন্য ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। এর আওতায় ভোটের পরদিন পর্যন্ত পোস্ট অফিসসমূহ ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *