এআই দিয়ে তৈরি ছবি চেনার সহজ উপায়

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি কম্পিউটার ও আইটি সংশ্লিষ্ট কাজগুলোকে সহজ করে দিলেও এর অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে টেক্সট থেকে ছবি তৈরির প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও বা কণ্ঠস্বর তৈরি করে প্রতারণা ও গুজব ছড়ানোর ঘটনা অহরহ ঘটছে। অনেক ক্ষেত্রে নকল ছবি দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল বা সামাজিকভাবে হেয় করার মতো ঘটনাও সামনে আসছে। এই পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের জন্য এআই দিয়ে তৈরি ছবি চেনার পদ্ধতিগুলো জানা জরুরি হয়ে পড়েছে।

এআই ছবি শনাক্ত করার অন্যতম সহজ উপায় হলো ছবিতে থাকা মানুষের হাত ও আঙুল ভালোভাবে পর্যবেক্ষণ করা। এআই টুলগুলো প্রায়ই মানুষের আঙুলের সংখ্যা বা আকৃতি নিখুঁতভাবে তৈরি করতে পারে না। অনেক সময় ছবিতে ছয়টি আঙুল বা অস্বাভাবিক বাঁকা হাত দেখা যায়। এ ধরনের শারীরিক অসামঞ্জস্যতা থাকলে বুঝতে হবে ছবিটি কৃত্রিম উপায়ে তৈরি।

পাশাপাশি ছবির পটভূমি বা ব্যাকগ্রাউন্ডের দিকে নজর দেওয়া প্রয়োজন। এআই জেনারেটেড ছবিতে পটভূমির বস্তুগুলো প্রায়ই অগোছালো বা পুনরাবৃত্তিমূলক হয়। অনেক সময় ভিন্ন ভিন্ন দুটি দৃশ্য জোড়া লাগানো হয়েছে বলে মনে হতে পারে। এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র বিবরণ যেমন চশমার ফ্রেম, কানের দুল, কাপড়ের নকশা বা ঘড়ির কাঁটা এআই সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে না। এসব ক্ষেত্রে ছবিগুলো ঝাপসা বা বিকৃত দেখায়।

মানুষের চোখের দিকে তাকালেও অনেক সময় এআই ছবি চেনা সম্ভব। মাইক্রোসফটের মতে, মানুষের চোখের জটিল প্রতিচ্ছবি নিখুঁতভাবে তৈরি করা এআই-এর জন্য এখনো কঠিন। ফলে দুই চোখের আকার বা রঙের পার্থক্য, কিংবা অস্বাভাবিক মণি দেখে কৃত্রিম ছবি শনাক্ত করা যেতে পারে। এছাড়া ছবির আলোর উৎস এবং ছায়ার মধ্যে সামঞ্জস্য না থাকা এআই ছবির একটি বড় লক্ষণ। অনেক সময় মূল বস্তুর ওপর যে দিক থেকে আলো পড়ে, তার বিপরীতে থাকা ছায়াটি অদ্ভুত আকৃতির হয়।

ব্যক্তিগত পর্যবেক্ষণের পাশাপাশি প্রযুক্তির সাহায্যও নেওয়া যেতে পারে। এআইঅরনট (aiornot.com) বা টিনআই (tineye.com) এর মতো ওয়েবসাইটের টুল ব্যবহার করে যেকোনো সন্দেহজনক ছবি দ্রুত যাচাই করা সম্ভব। সচেতনতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই ডিজিটাল জগতের এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *