প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই হতে যাচ্ছে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র নিশ্চিত করেছে যে, আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই নেতার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তারেক রহমান গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরার পর থেকে রাজনৈতিক মহলে এই বৈঠক নিয়ে ব্যাপক আগ্রহ ছিল।

এর আগে গত বছরের মে মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও জনাব তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবং পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ দেশে ফেরেন জনাব তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। আজকের বৈঠকে নির্বাচনী পরিবেশ ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *