লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে ভোটার আইডি কার্ড চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকালে সৈয়দপুর গ্রামের একটি বাড়িতে জামায়াতের নারী শাখার উদ্যোগে একটি কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ ওঠে, ওই সময় জামায়াত নেত্রীরা উপস্থিত নারী ভোটারদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দাবি করেন। এই তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, আহত অবস্থায় আনার পর ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে জামায়াত কর্মী সাকিব, এমরান হোসেন, আব্দুর রহমান, শাহাদাত হোসেন ও খোকন এবং বিএনপি কর্মী মো. আব্দুল, মো. কামাল হোসেন ও রাসেল ভূঁইয়ার নাম নিশ্চিত হওয়া গেছে। বাকিদের নাম জানা যায়নি।
ঘটনার বিষয়ে আহত জামায়াত কর্মী সাকিব অভিযোগ করেন, তাদের নারী শাখার শান্তিপূর্ণ অনুষ্ঠানে বিএনপির লোকজন এসে বাধা দেয়। খবর পেয়ে তারা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম সুমন দাবি করেন, বিএনপির হামলায় তাদের সাতজন কর্মী আহত হয়েছেন।
অন্যদিকে, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান শরীফ অভিযোগ করেন, জামায়াতের নারী সদস্যরা সাধারণ মানুষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর ও আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছিল। আমাদের লোকজন এর প্রতিবাদ জানালে জামায়াত কর্মীরা উল্টো হামলা চালায়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
সংঘর্ষের রেশ সদর হাসপাতাল এলাকাতেও ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে উভয়পক্ষ হাসপাতালের সামনে স্লোগান দিয়ে মুখোমুখি অবস্থান নিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল ও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।



