গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটি সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোটের সফলতা নিশ্চিত করা কেবল সরকারের একক কাজ নয়, বরং এটি রাজনৈতিক দলসহ সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব। সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহিদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে ভোট ও গণভোট প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা ফাওজুল কবির জানান, গণভোট ও সাধারণ নির্বাচন সফল করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, আগামী ২২ তারিখের পর থেকে প্রার্থীরা তাদের নিয়মিত নির্বাচনি প্রচারণার পাশাপাশি গণভোটের বিষয়েও প্রচারণা শুরু করবেন। মাঠ পর্যায়ে এই প্রচারণা জোরদার করার লক্ষ্যে সরকারের উপদেষ্টারা বর্তমানে দেশের বিভিন্ন জেলা সফর করছেন বলে তিনি জানান।

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে রাজনৈতিক দলগুলো গণভোটের প্রচারণায় সক্রিয় থাকার বিষয়ে তাদের সম্মতি ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বক্তৃতাকালে তিনি গণভোটের প্রয়োজনীয়তা ও এর পটভূমি ব্যাখ্যা করার পাশাপাশি সাবেক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

অনুষ্ঠানে জ্বালানি খাতের সংস্কার ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, দেশের এলপিজি গ্যাসের বাজারের ৯৮ শতাংশ বর্তমানে বেসরকারি খাতের নিয়ন্ত্রণে এবং সরকারি নিয়ন্ত্রণ মাত্র ২ শতাংশ। সরকার মনে করছে, এই খাতটি পুরোপুরি বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া সঠিক হয়নি। এর ফলে উদ্ভূত সংকট নিরসনে এখন সরকারিভাবেও এলপিজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি পর্যায়ে আমদানি শুরু হলে দ্রুত সময়ের মধ্যে এলপিজি সংকট একটি সহনশীল পর্যায়ে চলে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *