স্পেনের দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাটি ঘটেছে দেশটির কোরদোবা প্রদেশের আদমুজ শহরের কাছে। জানা গেছে, দ্রুতগতির একটি ট্রেন মালাগা থেকে রাজধানী মাদ্রিদের দিকে যাচ্ছিল। পথে এটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনের ওপর আছড়ে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়ে প্রথম ট্রেনটির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। রেল কর্মকর্তা আতিফ জানিয়েছেন, মালাগা স্টেশন থেকে যাত্রা শুরু করার মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
উদ্ধারকারী সংস্থা ‘আদুলুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস’ জানিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭৩ জন আহত হয়েছেন। স্পেনের পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবহনমন্ত্রী এই দুর্ঘটনার কারণকে ‘অত্যন্ত অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন, তবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে উদ্ধারকাজ চালাতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এক কর্মকর্তা জানান, দুমড়েমুচড়ে যাওয়া বগির ভেতর জীবিত মানুষের কাছে পৌঁছাতে তাদের মৃতদেহ সরিয়ে পথ তৈরি করতে হয়েছে। আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এই ঘটনাকে একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘দেশ আজ এক গভীর বেদনার রাত অতিক্রম করছে।’ ট্রেনটিতে মোট ৩০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই এই ভয়াবহ বিপর্যয়ের সঠিক কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।



