ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তারেক রহমানের জনসভা বৃহস্পতিবার, চলছে ব্যাপক প্রস্তুতি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় জনসভা হতে যাওয়ায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান হিসেবে এটি জনাব তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম জনসভা। এর আগে তিনি যখন দলের যুগ্ম মহাসচিব ছিলেন, তখন সরাইলে একটি পথসভায় অংশ নিয়েছিলেন। এবারের জনসভা উপলক্ষে প্রায় দুই একর আয়তনের কুট্টাপাড়া খেলার মাঠে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভাস্থল ইতোমধ্যে পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জোটের প্রার্থী জুনায়েদ আল হাবীবসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর জানান, এই জনসভায় চেয়ারম্যান মহোদয় জেলার ছয়টি নির্বাচনী এলাকার বিএনপি ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। তিনি আরও জানান, প্রতিটি নির্বাচনী এলাকা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। সরেজমিনে দেখা গেছে, জনসভাস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং চারদিকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুরো এলাকা ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

নির্বাচনী সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন জনাব তারেক রহমান। এরপর ঢাকায় ফেরার পথে তিনি সরাইলের এই জনসভাসহ একাধিক স্থানে পথসভায় বক্তব্য দেবেন। স্থানীয় বাসিন্দা ও সাধারণ ভোটারদের মধ্যেও এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *