টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অন্যদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
অভিযোগ অনুযায়ী, বিকেলে সুলতান সালাউদ্দিন টুকুর ১০-১২ জন সমর্থক নির্বাচনী প্রোগ্রামের দাওয়াত দিতে বের হন। কাজ শেষে ফেরার পথে তারা শান্তিকুঞ্জ মোড়ের একটি চা স্টলে বসে চা খাচ্ছিলেন। ভুক্তভোগীদের দাবি, এ সময় ফরহাদ ইকবাল নিজে সেখানে উপস্থিত হয়ে তার সমর্থকদের উসকে দেন। একপর্যায়ে তার অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এই হামলায় ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ সাদিসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মাথায় ১৮টি সেলাই দিতে হয়েছে। এছাড়া হামলায় একজনের পা ভেঙে গেছে এবং অন্য দুইজনের হাতের রগ কেটে গেছে বলে জানা গেছে।
নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে একই দলের মূল প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এমন সহিংসতায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন স্থানীয়রা।
সুত্রঃ https://www.facebook.com/share/p/1Bw5ubZ7VW/



