দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ নেতাসহ কেন্দ্রীয় পর্যায়ের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বহিষ্কৃতরা হলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী এবং চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদ।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার কারণে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে এই তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে লড়ছেন। একইভাবে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদও ‘মোটরসাইকেল’ প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করছেন।
অন্যদিকে, টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ‘হরিণ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমন নির্বাচনমুখী অবস্থানের কারণেই মূলত তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক পদে থেকেও শেষ পর্যন্ত দলীয় শৃঙ্খলা রক্ষার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারলেন না। এই বহিষ্কারের ফলে টাঙ্গাইল জেলা বিএনপি ও স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



