আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের পাঁচরুখী এলাকায় আয়োজিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান।
জনসভায় জনাব তারেক রহমান বলেন, ভোটের দিন নেতাকর্মীদের তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাতে আদায় করতে হবে। এরপর ভোটকেন্দ্র খোলার সাথে সাথেই লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের মানুষের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বেকারত্ব দূর করতে যুবকদের ট্রেনিংয়ের ব্যবস্থা, দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষিকার্ড এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে জনগণকে সাথে নিয়ে খাল খনন করেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবারও সেই উদ্যোগ নেওয়া হবে যাতে দেশের উন্নয়ন সাধিত হয়।
বক্তব্যের এক পর্যায়ে জনাব তারেক রহমান ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, একটি গোষ্ঠী গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে তাদের বিভ্রান্ত করছে। এদের হাত থেকে সাবধান থাকার জন্য তিনি নেতাকর্মীদের অনুরোধ জানান। তিনি আরও অভিযোগ করেন, একদল মানুষের ভোটের অধিকার হরণ করেছে এবং অন্য দল ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। ইসলামের নাম করে মানুষকে বিভ্রান্ত করা এবং পোস্টাল ব্যালট দখলের অভিযোগও আনেন তিনি।

জনসভায় জনাব তারেক রহমান নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীসহ নারায়ণগঞ্জের চারটি আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চান। অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



