ঢাকার কেরানীগঞ্জে রাজনৈতিক কার্যালয়ের সামনে হাসান মোল্লা (৪২) নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় হাসান মোল্লা দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিতে মারাত্মক জখম হয়ে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়লে এলাকাবাসী ও দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে যে, একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং গুলি করে পালিয়ে যায়।
পুলিশ আরও জানিয়েছে, হামলার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনতে এরই মধ্যে এলাকায় পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



