ধানের শীষে ভোট দিলে আর কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে যাতে ভবিষ্যতে আর কেউ জনগণের অধিকার হরণ করতে না পারে। শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার অষ্টম দিনে চকরিয়া পৌরসভার কাজী পাড়ায় এক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সন্তানরা রক্ত দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছে। একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যতে যেন ভোটাধিকার আদায়ের জন্য আর কাউকে রক্ত দিতে না হয়, সে লক্ষ্যে এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি উপস্থিত জনতাকে বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

বিএনপিকে বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নের পরীক্ষিত দল হিসেবে দাবি করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আমলের শিক্ষা ও নারী উন্নয়নের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

গণসংযোগের শুরুতে তিনি চকরিয়া পৌরসভার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমাইন্নারচর হালকাকারা, তরচপাড়া ও সিকদার পাড়াসহ বিভিন্ন ওয়ার্ডে দিনভর প্রচারণা চালান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *