ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও গোপনীয়তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন যে, জামায়াতের কাজে ও কথায় কোনো মিল নেই। তিনি বলেন, “আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সঙ্গে।” বৈঠকের প্রয়োজনীয়তা থাকলেও তা কেন গোপনে করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, “সেই গোপনের মধ্যে ‘ডাল মে কুচ কালা হে’। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে।”
জনসভায় তিনি আরও বলেন যে, জামায়াতকে আর ধোঁকা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। ইসলামী আন্দোলন একা হয়ে যায়নি দাবি করে তিনি বলেন, তাদের সঙ্গে আল্লাহ, ওলামা আলেম এবং দেশের সাধারণ জনগণ রয়েছে। ইসলামের নীতি ও আদর্শের ওপর অটল থাকলে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরির কারণ ব্যাখ্যা করে চরমোনাই পীর বলেন, যখন দেখা গেল জামায়াত সমঝোতার মাধ্যমে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিচ্ছে এবং প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করতে চায়, তখন তারা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি ঘোষণা করেন, বাংলাদেশে ইসলামকে সমুন্নত রাখতে এবং মানবতা রক্ষার তাগিদে ইসলামী আন্দোলন ‘হাতপাখা’ প্রতীক নিয়ে একাই নির্বাচনে লড়বে। এর মাধ্যমেই বাংলাদেশকে একটি সোনার দেশে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নরসিংদী সদর আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নরসিংদীর বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে জনসভায় বক্তব্য প্রদান করেন।



