বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এই মন্তব্য করেন।
পথসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী এমন একটি দল যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।”
নারীদের অধিকার নিয়ে জামায়াত আমিরের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। যদি তিনি এটা বলে থাকেন, তবে এটি চরম অন্যায়।” তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশের নারীরা কখনোই এই ধরনের বক্তব্য মেনে নেবে না।
জামায়াতের অর্থনৈতিক ও শ্রম নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা নারীদের কর্মক্ষেত্রে যেতে বাধা দিতে চায় এবং গার্মেন্টস কর্মীদের ৫ ঘণ্টার বেশি কাজ না করার প্রস্তাব দিচ্ছে। একে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তোলেন যে, মহিলারা কাজ না করলে খাবে কী? যথাযথ কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ ছাড়া জীবনযাত্রার মান নিশ্চিত করা অসম্ভব বলে তিনি মন্তব্য করেন।
নারীদের শিক্ষা ও চাকরির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মেয়েরা স্কুল-কলেজে না গেলে সমাজ এগোবে না। কোনো সরকার কাজ না করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা জনগণের সাথে প্রতারণা বা ‘বাটপারি’ ছাড়া আর কিছু নয় বলে তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে, ইসলাম ধর্মও নারীদের প্রাপ্য অধিকার প্রদানের কথা বলেছে। দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি উল্লেখ করে তিনি নারী-পুরুষের সমান অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন। উক্ত পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।



