আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইশতেহার প্রকাশ করবেন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবারের নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, আর সে অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে এটিই হতে যাচ্ছে তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে পঞ্চম থেকে নবম সংসদ নির্বাচন পর্যন্ত দলের তৎকালীন চেয়ারপারসন ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিলেন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে খালেদা জিয়া কারাবন্দি থাকায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার পাঠ করেছিলেন। অন্যদিকে, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছিল দলটি।
ইশতেহারের বিষয়বস্তু সম্পর্কে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি তৃণমূলের ক্ষমতায়নে বিশ্বাসী। জনমানুষের সমস্যার সমাধান এবং ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে এই ইশতেহার তৈরি করা হয়েছে। মূলত বিএনপির ঘোষিত ‘৩১ দফা’র ওপর ভিত্তি করে এবং দেশের প্রতিটি পর্যায়ের সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটিয়ে এই ইশতেহার সাজানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ইশতেহারে দলের শীর্ষ নেতৃত্বের ভিশনের পাশাপাশি সাধারণ মানুষের বাস্তবভিত্তিক ও টেকসই উন্নয়নের পরিকল্পনাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনি ময়দানে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।



