বগুড়ায় স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই জামায়াত নেতাকর্মী আটক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বগুড়া-৬ (সদর) আসনের অন্তর্গত শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে দুই জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—বগুড়া শহর জামায়াতের ২নং ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস এবং দলের কর্মী আবদুল বারী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে ১০-১৫ জনের একটি দল ওই স্কুল কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তারা দরজায় ধাক্কা দিলে ভেতরে থাকা আনসার সদস্য সেটি খুলে দেন এবং দলের কয়েকজন সদস্য ভেতরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দা এবং বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। রাতে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করায় উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ এসে দুজনকে আটক করে।

আটক ব্যক্তিদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তারা পোলিং এজেন্টের তালিকা দিতে কেন্দ্রে প্রবেশের দাবি করলেও রাতে কেন্দ্রে তালিকা দেওয়ার কোনো বিধান নেই। তিনি আরও উল্লেখ করেন যে, আটককৃতদের কাছ থেকে প্রাথমিক মুচলেকা নেওয়া হয়েছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বিটু জানান, নিয়ম অমান্য করে কেন্দ্রে প্রবেশ করায় জনতা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

অন্যদিকে, জামায়াত নেতাকর্মীদের আটকের বিষয়ে বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন দাবি করেছেন, তাদের কর্মীরা কেবল পোলিং এজেন্টের তালিকা জমা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তাদের পুলিশে সোপর্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *