বাংলাদেশিসহ ১৮৪ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ার জোহর বাহরুর পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৮৪ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশটির প্রচলিত আইন ভঙ্গের দায়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে এই অভিবাসীদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ফেরত পাঠানো বন্দিদের মধ্যে সবচেয়ে বেশি ৮২ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এর পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান, যেখানকার ৫৯ জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ফিলিপাইনের ১৫ জন, পাকিস্তানের ১০ জন, মিয়ানমারের ৮ জন, কম্বোডিয়ার ৪ জন, শ্রীলঙ্কার ২ জন এবং সুদান, ভারত, নিউজিল্যান্ড ও ভিয়েতনামের একজন করে নাগরিক এই তালিকায় রয়েছেন।

প্রত্যাবাসিত এই ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ ১ ও ২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল হয়ে পাঠানো হয়। ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে যে, প্রত্যেকের কাছে বৈধ পাসপোর্ট ছিল এবং যাদের প্রয়োজন হয়েছে, তাদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট বা অস্থায়ী ভ্রমণ নথি ইস্যু করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অভিবাসী মূলত নির্যাতন আইন, বিপজ্জনক মাদক আইন, ইমিগ্রেশন আইন ও বিধিমালাসহ বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত ছিলেন। সাজা শেষে তাদের দেশে পাঠানোর পাশাপাশি প্রত্যেকের নাম ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে বা কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে নির্ধারিত সময়সীমার আগে তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের টিকিট ক্রয়সহ প্রত্যাবাসন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া তাদের সার্ভিস কাউন্টারেই সম্পন্ন করা সম্ভব এবং এর জন্য কোনো অতিরিক্ত ‘সার্ভিস চার্জ’ দিতে হয় না। মালয়েশিয়ার আইনশৃঙ্খলা ও সীমান্ত সুরক্ষা জোরদার করতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *