চরমোনাই পীরের বাসায় তারেক রহমান, সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় চরমোনাই পীরের বাসভবনে প্রবেশ করেন তিনি।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন-পরবর্তী করণীয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের তোড়জোড় শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক সাক্ষাৎ করছেন জনাব তারেক রহমান। এর আগে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাঁদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। ওই সময় সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে জনাব তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সরকার গঠনের আগে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং জাতীয় ঐক্যের অংশ হিসেবেই বিএনপির চেয়ারম্যান এই সৌজন্য সাক্ষাৎগুলো করছেন। সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে এই বৈঠকগুলোর ফলাফল আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply