ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে প্রচারিত তথ্যে বিভ্রান্ত বা হতাশ না হওয়ার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
জামায়াত আমির উল্লেখ করেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে যেভাবে খণ্ডিত উপস্থাপনা করা হচ্ছে, তা প্রকৃত চিত্রের প্রতিফলন নয়। তাঁর দাবি অনুযায়ী, এবারের নির্বাচনে প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ৩৮.৫০ শতাংশ ভোট পেয়েছে। প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর আস্থা স্থাপন করেছেন, যাকে তিনি একটি ‘বিশাল ও তাৎপর্যপূর্ণ জনরায়’ হিসেবে বর্ণনা করেছেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে দলটির মাত্র ২টি আসন থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আজ কোটি কোটি মানুষের এই সমর্থন জন-আস্থারই বহিঃপ্রকাশ। তাঁর মতে, দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জামায়াত আমির নেতাকর্মীদের রাজনৈতিক পরিপক্বতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। তিনি জানান, এখন থেকে জামায়াতে ইসলামী সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সংসদে ও রাজপথে গঠনমূলক ভূমিকা পালন করবে। একই সঙ্গে পরবর্তী নির্বাচনে জনগণের আরও ব্যাপক আস্থা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে আরও লেখেন, একটি সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জামায়াত সামনে এগিয়ে যাবে। ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর বিশ্বাস, এই ধারাবাহিক পথচলাই ভবিষ্যতে তাদের পূর্ণাঙ্গ বিজয়ের দিকে নিয়ে যাবে।



