আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে এই ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। জনস্বার্থ বিবেচনা করে দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলকেও বিটিভির সৌজন্যে এই ভাষণটি সরাসরি সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীসহ মোট ৪৯ জন সদস্য রয়েছেন।

শপথ গ্রহণের পর আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদের সদস্যরা রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। তাঁরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং জিয়ারত সম্পন্ন করেন তাঁরা।

জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণে প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *