বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে এক পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৬ সালের এই জাতীয় নির্বাচন সম্ভব হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কারণে। তাই সেই জুলাইয়ের চেতনা ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় সংসদে সকলকে জোরালো ভূমিকা রাখতে হবে। তিনি স্পষ্ট করে জানান, মানুষের অধিকার ও বিপ্লবের চেতনা রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার থাকবে।
রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, কেবল রাস্তাঘাট নয়, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের জঞ্জাল ও আবর্জনা দূর করা হবে। পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকলে মানুষের মন ভালো থাকে।” গতকাল মঙ্গলবার সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নেওয়া ‘দুটি শপথ’ প্রসঙ্গে তিনি বলেন, এই শপথ মূলত দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার।
এ সময় তিনি মিরপুর এলাকাকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেন। এই লক্ষ্য অর্জনে প্রতিদিন সকালে পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে দিনের কাজ শুরু করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়। সংসদে অধিকতর কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বকে সংসদীয় দলের নেতৃত্বে আনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।



