আসন্ন পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এসব তথ্যের বিষয়ে নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের প্রতি জনগণের বিপুল জনসমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে মন্ত্রিসভার সদস্যদের স্ব-স্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে যেকোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান জিরো টলারেন্স বা অত্যন্ত কঠোর হবে বলে জানানো হয়েছে।
রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়েও প্রধানমন্ত্রী বিশেষ তাগিদ দিয়েছেন। পাশাপাশি নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো সেবাগুলো কীভাবে দ্রুত জনগণের কাছে দৃশ্যমান করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন তিনি। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের বিশেষ উদ্যোগের বিষয়টি দ্রুত বাস্তবায়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
শ্রমবাজারের বিষয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই বাজারগুলো পুনরায় পুরোদমে সচল করতে প্রধানমন্ত্রীর একটি মধ্যপ্রাচ্য সফরের প্রস্তাব করা হয়েছে।
বৈঠকে আরও জানানো হয় যে, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার আগামী ১৮০ দিনের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, যার মাধ্যমে সরকারের প্রাথমিক লক্ষ্য ও উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত করা হবে।



