ধর্মমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন। ওই সভা শেষে দেশে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেওয়ার সময় তিনি নিজের পদমর্যাদা ও জনসেবা নিয়ে এক আবেগঘন মন্তব্য করেন।
সংবাদ ব্রিফিং চলাকালে কুমিল্লার আঞ্চলিক ভাষায় মন্ত্রী জানান, তাকে ‘মাননীয় মন্ত্রী’ সম্বোধন করলে তিনি বেশ ব্যথিত হন। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আসলে আপনারা যে আমারে মাননীয় মন্ত্রী কন, আমি তো জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে, কারণ জনগণ আমারে ভোট দিয়া বানাইসে কাম করনের লাইগা।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তাকে জনগণের কাজ করার জন্যই এই দায়িত্ব দিয়েছেন।
ছয়বারের নির্বাচিত এই সংসদ সদস্য দায়িত্ব পালনের প্রথম দিনটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে পার করেছেন। দিনের শুরুতে তিনি মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেন এবং পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সবশেষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করে ধর্মমন্ত্রী দেশবাসীর প্রতি একটি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, “রমজান মাসে আপনারা ২ রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি।”
নিজেকে জনগণের সেবক হিসেবে উপস্থাপন করে মন্ত্রীর দেওয়া এই বক্তব্যটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রথম দিনের দায়িত্ব পালন শেষে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।



