বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে এই অভিনন্দন বার্তাটি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকান জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত। তিনি আশা প্রকাশ করেন যে, শক্তিশালী ও সার্বভৌম জাতি হিসেবে উভয় দেশই এই অঞ্চলে সমৃদ্ধি লাভ করবে।
দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ডোনাল্ড ট্রাম্প চিঠিতে উল্লেখ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখা প্রয়োজন। এই চুক্তি উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে বলে তিনি মনে করেন।
প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত ও নির্ণায়ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি চিঠিতে লেখেন, রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের সেরা ও অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে ট্রাম্প জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। চিঠির শেষে তিনি আগামী দিনগুলোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি শুভকামনা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।



