স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি কর্মকাণ্ডে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা একটি নৈতিক দায়িত্ব, কারণ রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্সের টাকায়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপনা পেশ করেন।
মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। একটি সফল রাষ্ট্র বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিনটি স্তর একে অপরের পরিপূরক। ভিন্নমত ও বিভেদ ভুলে টিম হিসেবে কাজ করতে পারলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মূল লক্ষ্য হলো জনগণের আস্থা পুনরুদ্ধার করা। কার্যকর প্রশাসনিক কাঠামোই একটি উন্নয়নমুখী রাষ্ট্রের ভিত্তি। তিনি আরও বলেন, গ্রামের মানুষের কষ্ট লাঘব করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ জনপদের দুর্দশা দূর করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের বর্তমান অগ্রাধিকার হলো দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম অংশ নিয়ে বলেন, এই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি উল্লেখ করেন যে, নির্বাচনি ইশতেহার এবং ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি জনগণের সঙ্গে একটি সামাজিক চুক্তি।
পরিশেষে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা মনে করেন, একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গঠনে এই মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে।



