প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা দেশের সার্বিক নিরাপত্তা ও বাহিনীগুলোর বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলে জানা গেছে।
তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে প্রধানমন্ত্রী দেশের প্রধান দুটি গোয়েন্দা সংস্থা—জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকদের সঙ্গে পৃথকভাবে বৈঠক সম্পন্ন করেন। এসব বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
এদিকে, রাষ্ট্রীয় কার্যক্রমে গতিশীলতা আনতে দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। আজ সেখানে তাঁর অন্যতম প্রধান কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড নিয়ে আয়োজিত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা ও সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে সভায় আলোচনা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। তাঁর এই সরাসরি তদারকি প্রশাসনিক কাজে আরও গতি আনবে বলে আশা করা হচ্ছে।



