হজযাত্রীদের হয়রানি রোধে কঠোর হুঁশিয়ারি বিমানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন হজ মৌসুমে হজযাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় মন্ত্রী আফরোজা খানম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, হাজীদের সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হজ পালন নিশ্চিত করা রাষ্ট্রের কর্মচারী হিসেবে কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা এবং হজ ক্যাম্পে হাজীদের থাকা-খাওয়া ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমন্বিত তদারকি জোরদার করার নির্দেশ দেন তিনি। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগাম প্রস্তুতি সম্পন্ন করার তাগিদও দেন মন্ত্রী।

একই সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উপযুক্ত ব্যক্তিরা উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কি না, তা নিশ্চিত করা হবে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই শীঘ্রই হজ ক্যাম্প পরিদর্শন করে সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করবেন বলে সভায় জানানো হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা আসন্ন মৌসুমে ফ্লাইটের চাপ বিবেচনায় নিয়ে হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বা সংখ্যা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া হজযাত্রীদের সেবার মান উন্নয়নে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উক্ত সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *